বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের শক্তিশালী ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস ও লাইভমিন্টসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম নানা পাটেকরের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়াতেও এ খবর এসেছে।

৪৫ মিনিট চেষ্টা করেও বাঁচানো যায়নি

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এএনআইয়ের বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর নানা পাটেকরকে বাঁচানোর জন্য প্রায় ৪৫ মিনিট চেষ্টা করা হয়। এ সময় তাকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

চিকিৎসক আরও জানান, ঘটনাটি নিয়ে একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর নানা পাটেকরকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পাঁচ দশকের অভিনয়জীবন

নানা পাটেকর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত অভিনেতা ছিলেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু হয়। পরবর্তী সময়ে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’, ‘খামোশি’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান।

গম্ভীর ও শক্তিশালী চরিত্রের পাশাপাশি কমেডি চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নানা পাটেকর। বিশেষ করে ‘ওয়েলকাম’ সিনেমায় উদয় শেঠি চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্র ও সংলাপ দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।

সূত্র: এএনআই, এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস, লাইভমিন্ট