বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনের তুলনায় এসব দেশে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে একটি বিশেষ তদন্তের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে বা বাংলাদেশ সময় বুধবার রাতে এই তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেনে এসব তথ্য উঠে এসেছে। যদি নতুন এই শুল্ক কার্যকর হয়, তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরো বাড়তে পারে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অর্থাৎ চাহিদা বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন।

এরই পরিপ্রেক্ষিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপ করা শুল্কের সঙ্গে নতুন এই শুল্কও যুক্ত হবে।

যদিও এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে দেন। সেগুলোর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে দাম বেড়েছে ভোগ্যপণ্যের। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

শুল্কের হার যেভাবে নির্ধারিত হতে পারে নতুন করে কী হারে শুল্ক আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।