মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৫’

মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৫’। তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার কর্তৃক আয়োজিত ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৫’ গতকাল শুক্রবার (১৪নভেম্বর) সকাল ৯.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বৃত্তি পরীক্ষায় হাইস্কুল, মাদরাসার ১০টি প্রতিষ্ঠানের ৮ম শ্রেণি থেকে ১০৫জন এবং প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও কিন্ডারগার্টেনের ১৫টি প্রতিষ্ঠানের ৫ম শ্রেণি থেকে ১০১জন রেজিস্ট্রেশনকৃত মোট ২০৬জন শিক্ষার্থী থেকে মোট ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাথরঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ব্যবস্থাপনায় পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রায় ২০ জন কক্ষ পরিদর্শক ও ২৫ জনেরও বেশি স্বেচ্ছাসেবক। উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের সহ সভাপতি ইমদাদুল হক লিটন, মির্জাপুর ক্যাডেট কলেজ এর শিক্ষক ও নিয়মিত সদস্য মোহাম্মদ শাহীন খান, পরিকল্পনা সম্পাদক জহিরুল ইসলাম সামি, অর্থ সম্পাদক ও পরীক্ষা পরিদর্শক টিম প্রধান জহিরুল ইসলাম সাগর, শিক্ষা সম্পাদক ফিরোজ আল মামুন, ছাত্রকল্যাণ সম্পাদক রাসেল মিয়া, প্রচার সম্পাদক শোয়েব মাহমুদ, ছিট মামুদপুর অঞ্চল পরিচালক আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও বিজ্ঞান ক্লাবের অন্যান্য নিয়মিত সদস্য ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জার্মানের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত (পিএইচডি) জিএম মেহেদী হাসান কেন্দ্র পরিদর্শন করেন এবং এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত মেধাবীরা বাহির হবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশা ব্যক্ত করেন।

তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার দীর্ঘদিন ধরে তরফপুর ইউনিয়নের শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে সম্মাননা প্রদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০২২ সাল থেকে শুরু হওয়া বিজ্ঞান ক্লাবের কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নৈতিকতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্লাবটি কাজ করে যাচ্ছে।

তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার এর সভাপতি জনাব আব্দুল্লাহ রুবেল অনলাইনে পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা’ উপলক্ষে আগত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে বিজ্ঞান ক্লাবের সহ সভাপতি জনাব ইমদাদুল হক লিটন এর পরিচালনায় ‘গুড প্যারেন্টিং সেমিনার’ অনুষ্ঠিত হয়।