সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা থাকলেও একটি পক্ষের আপত্তির মুখে খেলাটি স্থগিত করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটায় দিরাই উপজেলা স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের নারী দলের সঙ্গে স্বাগতিক স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া জানান, প্রায় পাঁচ দিন আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খেলার বিষয়টি অবহিত করেন। রোববার সিলেটের দলটির কর্মকর্তা ও খেলোয়াড়েরা দিরাইয়ে এসে পৌঁছান।
তবে রোববার রাতে তিনি জানতে পারেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ইউএনও কার্যালয়ে গিয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের দাবি জানিয়েছেন। পরে বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করেন তিনি।
রাকিব আহমেদ বলেন, সোমবার সকালে ইউএনও তাঁকে জানান, যেহেতু আপত্তি জানানো ব্যক্তিরাও দিরাইয়ের বাসিন্দা, তাই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করে খেলা আয়োজন করতে হবে। তা সম্ভব না হলে খেলা স্থগিত করতে হবে।
এর আগে রোববার রাতে দিরাই পৌর এলাকার চন্ডিপুরের বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন ইউএনও সনজীব সরকারের সঙ্গে দেখা করে মেয়েদের ফুটবল খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানান। পরে তাঁরা এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।
শরিফ উদ্দিন দাবি করেন, তাঁরা প্রথমে শুনেছিলেন কিশোরীদের ফুটবল খেলা হবে। পরে মাইকিং করে ‘মহিলাদের ফুটবল খেলা’র কথা বলা হচ্ছে জানতে পেরে তাঁরা আপত্তি জানান।
নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি হিসেবে পরিচয় দিয়ে শরিফ উদ্দিন বলেন, “আমরা খেলাধুলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।”
অন্যদিকে, আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ২০১৯ সালে যাত্রা শুরু করে। স্থানীয় কিশোরীদের নিয়ে গঠিত এই দলের আমন্ত্রণে ওই বছর দেশের সাতটি জেলার নারী ফুটবল দল দিরাইয়ে এসে খেলেছিল। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফুটবল খেলেছে এবং জাতীয় পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
দীর্ঘদিন ধরে মেয়েদের ফুটবল আয়োজনের পর হঠাৎ করে খেলায় বাধা আসায় বিস্ময় প্রকাশ করেন আয়োজক।
রাকিব আহমেদ আরও জানান, সোমবার দুপুরে তিনি বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হলে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়।
এ বিষয়ে দিরাইয়ের ইউএনও সনজীব সরকার বলেন, চার থেকে পাঁচ দিন আগে রাকিব আহমেদ তাঁর কাছে এসে জানিয়েছিলেন যে স্টেডিয়ামে কিশোরীদের ফুটবল খেলা হবে। পরে খেলা আয়োজন ও স্পনসরসংক্রান্ত কিছু বিষয় নিয়ে জটিলতার কথা জানতে পারেন তিনি। একই সঙ্গে একটি পক্ষ নারী ফুটবল ম্যাচের বিরোধিতা করে।
ইউএনও বলেন, দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা হওয়ায় আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজনের কথা বলা হয়েছিল। তবে পরে আয়োজকেরাই খেলা স্থগিত করার সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়েছেন।