গাজীপুরে দেড়শোর মতো গার্মেন্ট কারখানায় ছুটি

পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো গার্মেন্ট কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আগামীকাল যথাসময়ে কারখানাগুলো খুলবে বলে আশা করছে শিল্প পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ প্রায় ১৫০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। তবে আগামীকাল যথাসময়ে কারখানাগুলো খুলবে বলে আশা করছেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে।

এর আগে সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এছাড়া বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

আমজাদ হোসেন আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশ কাজ করছে। একই সঙ্গে বিজিবি সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।