অস্বাভাবিক উপায়ে ক্ষমতায় যাওয়া শাষকরা যেমন হন

অস্বাভাবিক উপায়ে ক্ষমতায় যাওয়া সবাইকেই— নিজের দলকে বা নিজেকে— জনপ্রিয় প্রমাণ করতে কিছু নাটকীয় কাজ করতে হয়। অভ্যুত্থান-পালটাঅভ্যুত্থানের ক্ষমতায় যাওয়া জিয়াউর রহমানকে দেখা গেছে খাল-কাটা কর্মসূচিতে কোদাল-হাতে অংশ নিয়ে নিজেকে জনপ্রিয় প্রমাণ করতে; তার মৃত্যুর পর দল থেকে প্রচার করা হয়েছে ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া তিনি আর কিছুই রেখে যাননি, নিজের জামা কেটে খাটো করে তিনি তার ছেলেদেরকে পরতে দিতেন।

একই উপায়ে ক্ষমতায় যাওয়া এরশাদ নিজেকে জনপ্রিয় প্রমাণ করতে বাইসাইকেল চালিয়ে কার্যালয়ে যেতেন, একেক শুক্রবার একেক মসজিদে নামাজ পড়তে যেতেন; নিজেকে ধার্মিক প্রমাণ করতে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি বানিয়েছেন, রাষ্ট্রধর্ম প্রণয়ন করেছেন, উপাসনালয়ের বিদ্যুৎবিল মওকুফ করেছেন। অস্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখা শেখ হাসিনা কখনও তাহাজ্জুদতত্ত্ব প্রচার করেছেন, অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া তিন মহিলাকে নিজের মেয়ে বলে প্রচার করে গণভবনে তাদের বিয়ের আয়োজন করেছেন, সপরিবার ভ্যানে চড়ে ফটোসেশন করেছেন, রান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, একসাথে জন্ম নেওয়া তিন বাচ্চার নাম স্বপ্ন-পদ্মা-সেতু রাখায় তাদেরকে সোনার চেইন দিয়েছেন, ছাত্রলিগ-নেতাদেরকে দিয়ে কাঁচা ধান কাটিয়েছেন, সুলভমূল্যে শাক-শবজি বিক্রি করিয়েছেন, নেত্রীর দেখাদেখি দলের অন্য নেতাকর্মীরাও করেছেন নানান রকমের নাটক। এ ব্যাপারে ২০২০ সালে একটা বড় কলাম লিখেছিলাম, যা ভয়ের দেশে লয়ের দেশে বইয়ে আছে। লিংক কমেন্টে দিলাম।

অন্তর্বর্তী সরকারের তিন শিশু উপদেষ্টার মধ্যে সর্বাধিক নাটুকে আসিফ মাহমুদ। কিছুদিন আগে বলেছিল গরিব-দুঃখীদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখার জন্য সে নাকি প্রায়ই ছদ্মবেশে ঢাকা শহরে বের হয়। যে-ছেলে শীতের কম্বল বিতরণ করতে হেলিকপ্টার ব্যবহার করে, সেই ছেলে গরিবের দুঃখ বুঝতে ধারণ করে ছদ্মবেশ! এপিএসের আর্থিক দুর্নীতি আর বাবার ঠিকাদারিসংক্রান্ত অনিয়মের ব্যাপারে চলমান বিতর্ক ঢেকে দিতে সম্প্রতি সে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তিপরীক্ষা দিতে গেছে। পরীক্ষার দৃশ্যে অভিনয়কালে সে পেছনে বসিয়ে রেখেছিল নিজ মন্ত্রণালয়ের উপ-সচিবকে! বিনাভোটে বা নিশিভোটে অস্বাভাবিকভাবে ক্ষমতায় যাওয়া ব্যক্তিবর্গ নিজেদেরকে জনপ্রিয় প্রমাণ করতে বহুকিছু করে। নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত আসিফ মাহমুদরা এ-রকম আরো অনেক কিছু করবে।