প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
সতর্ক করে দিয়ে মাহদী আমিন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান মাহদী আমিন।
পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যেই একটি মহল শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মাহদী আমিন আরও লেখেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে তাঁদের মধ্যে অনুপ্রবেশ করে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির তথ্যপ্রমাণ ইতিমধ্যে উঠে এসেছে। তবে ফেসবুক পোস্টে এসব তথ্যপ্রমাণের বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
পোস্টে মাহদী আমিন লেখেন, ‘আমরা বিশ্বাস করি গঠনমূলক ও বহুমাত্রিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের একটি ন্যায়সঙ্গত, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারিত হবে। তবে উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, যথাসময়ে মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘কারখানায় আক্রমণ ও আগুন দেওয়া, পুলিশের গাড়ি ও বক্সে ভাঙচুর কিংবা যানবাহন ও স্থাপনায় হামলার মতো স্পর্শকাতর কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।’